গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুলার আগুনে পুড়ে নাছিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামের বড়দহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম স্থানীয় শেখ সাদীর স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নাছিমা বেগম আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রান্নার কাজ করছিলেন। এ সময় তার উচ্চ রক্তচাপ বেড়ে যায়। এতে তিনি ভারসাম্যহীন হয়ে চুলার আগুনে পড়ে পুড়ে যান।
প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলাম জানান, এ সময় কেউ বাড়িতে ছিলোনা। পরে এ ঘটনার অর্ধঘণ্টা পরে পরিবারের সদস্যরা নাছিমাকে চুলার মধ্যে আগুনে পড়ে মৃত অবস্থায় দেখতে পান।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব থেকেই নাছিমা বেগম অসুস্থ ছিলেন। হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়ায় ভারসাম্যহীন হয়ে চুলার আগুনে পুড়ে তার মৃত হয়েছে।