গোবিন্দগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পৌর কর্মচারীদের কর্মবিরতি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সাত ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মবিরতি চলে।

একই দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামী রবিবার (৪ অক্টোবর) পৌরসভার প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করেছেন।

পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন জানান, পৌর পরিষদের ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী গত সাত মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এতে তাদের পরিবার-পরিজনকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ কবির বলেন, তারা একাধিকবার পৌর প্রশাসককে অনুরোধ করেও বেতনের টাকা পাননি।

গোবিন্দগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, বকেয়া সাত মাসের বেতনের মধ্যে সম্প্রতি এক মাসের বেতন বাবদ প্রায় ২০ লাখ টাকা ঋণ করে পরিশোধ করা হয়েছে। ওই ঋণ পরিশোধ করে নিয়মিত বেতন নেওয়ার কথা বলায় কর্মকর্তা-কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচি পালন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত