মেসির আর্জেন্টিনা এবারও ফেভারিট, বললেন পচেত্তিনো  

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশন নিয়ে দারুণ আত্মবিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো। তার মতে, লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা এবারও শিরোপা ধরে রাখতে সম্পূর্ণ প্রস্তুত এবং টুর্নামেন্টে যেকোনো দলের জন্যই তারা সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। আর এই মূল্যায়ন যখন খোদ আর্জেন্টিনারই এক সাবেক ফুটবলারের কাছ থেকে আসে, তখন তার গুরুত্ব বেড়ে যায় বহুগুণ।

আর্জেন্টিনার হয়ে ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ডিফেন্ডার হিসেবে আন্তর্জাতিক স্তরে ২০টি ম্যাচ খেলেছেন পচেত্তিনো, যার মধ্যে ছিল ২০০২ সালের বিশ্বকাপ আসরও। নিজের সাবেক দেশের শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিয়ে পচেত্তিনো বলেন, “আমার বিশ্বাস লিওনেল মেসি খেতাব ধরে রাখতে পুরোপুরি প্রস্তুত। আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের সেরা দল। তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে, আর মেসির উপস্থিতিতে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। এবার আর্জেন্টিনাকে হারানো যেকোনো দলের জন্যই অনেক কঠিন এবং বড় চ্যালেঞ্জ হবে।” তবে টানা দুইবার বিশ্বসেরা হওয়া যে সহজ নয়, তা মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, “আর্জেন্টিনার জন্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা সহজ হবে না, তবে দল হিসেবে তারা বেশ ধারাবাহিক।”

বিশ্বমঞ্চে বর্তমান চ্যাম্পিয়নদের এই ধারাবাহিকতার পেছনে দলটির অভ্যন্তরীণ রসায়ন এবং চাপ সামলানোর ক্ষমতা বড় ভূমিকা রাখছে বলে মনে করেন ফুটবল পণ্ডিতরা। বিশেষ করে আলবিসেলেস্তেদের সাবেক এই তারকার এমন নিখুঁত মূল্যায়ন আর্জেন্টিনার শক্তিমত্তারই প্রমাণ দেয়। 

এদিকে ফুটবলপ্রেমীদের মনে থাকা সবচেয়ে বড় প্রশ্ন, এটাই কি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ বড় টুর্নামেন্ট? এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি নন সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার। পচেত্তিনো বলেন, “এটা বলা আসলেই কঠিন। সে হয়তো বলেছে এটাই শেষ হতে পারে, কিন্তু আমি নিশ্চিত নই। আমাদের অপেক্ষা করতে হবে, কারণ সে এখনো দারুণ ফর্মে আছে। মেজর লিগ সকারে দেখলেই বোঝা যায় সে প্রতিটি ম্যাচেই গোল করছে। তাই মানুষ হয়তো ভাবছে এটাই শেষ, তবে নাও হতে পারে।”

পিএসজিতে ২০২১-২২ মৌসুমে পচেত্তিনো যখন প্রধান কোচের দায়িত্বে ছিলেন, ঠিক তখনই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। সেখানে ফলে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত পচেত্তিনোর অধীনেই পিএসজিতে খেলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। সেই মৌসুমে পিএসজিকে ফরাসি লিগ ওয়ানের শিরোপাও জিতেছিল।