বই পরিচিতি

আ-কার যাচ্ছে মায়ের কাছে

বাংলা আমাদের মায়ের ভাষা। এর ভাষার প্রতিটি বর্ণের সঙ্গে জড়িয়ে আছে কত শত গল্প। রক্ত দিয়ে এই বর্ণমালা কেনা। পায়রা-বন্ধুরা, তোমরা নিশ্চয় কিছু কিছু গল্প জানো! বড় হওয়ার পথে আরও আরও গল্প জানবে। তবে প্রতিটি বর্ণ দিয়েও কিন্তু খুব সুন্দর গল্প হয়। আ-কার নিয়ে তোমাদের জন্য তেমন একটি গল্প লিখেছেন দন্ত্যস রওশন। নামটা শুনতে খটোমটো হলেও পেছনে আছে মজার একটি গল্প। গল্পটি কোথায় পাবে সেটি বলছি, পরে! আগে বলি উনি আ-কার নিয়ে কী গল্প লিখলেন।

এক ছিল আ-কার। একদিন তাকে দেখা গেল পড়িমরি করে ছুটছে। তাকে এমন ছুটতে দেখে অবাক হলো কুকুরছানা, বেড়ালছানা, টিয়াছানা, কাঠবিড়ালী, হরিণশিশু। জিজ্ঞেস করল, ছুটস কেন? উত্তর শুনে তারাও আর বসে থাকতে পারল না। ছুটল আ-কারের সঙ্গে। সবাই ছুটে তারা কোথায় গেল তা বলে দিয়ে গল্প পড়ার মজা নষ্ট করব না। তবে এটা বলতে পারি, বেড়ালছানা, হরিণছানারা যা করেছে শেষে তুমিও সেটিই করবে।

সুন্দর এই গল্পের সঙ্গে সুন্দর ছবিগুলো এঁকেছেন শিল্পী রাজিব দত্ত। আর তোমাদের জন্য এই সুন্দর বইটি প্রকাশ করেছে কিন্ডারবুকস। ছোট্ট ছোট্ট পায়রা-বন্ধুদের বইটি ভালো না লেগে যায় না।           পায়রা ডেস্ক