বিবৃতিতে খেলাফত মজলিস

ঘাটতিনির্ভর ফাঁপা বাজেট

২০২৬-২৭ অর্থবছরের জন্য বিএনপি সরকারের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘাটতিনির্ভর ফাঁপা বাজেট বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এই বাজেট কোনোভাবেই জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়। গতকাল শুক্রবার বাজেটের প্রতিক্রিয়ায় বিবৃতিতে তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার গালভরা এই বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার যে বিশাল ঘাটতি ধরা হয়েছে, তা পূরণের জন্য সরকার এখন বৈদেশিক দাসত্ব এবং অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থার ওপর দেদারসে হাত বাড়াবে।

মামুনুল হক আরও বলেন, ‘ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ ঋণ গ্রহণের অর্থ হলো বেসরকারি খাতের গলাটিপে ধরা, দেশীয় বিনিয়োগকে পুরোপুরি স্থবির করে দেওয়া এবং জনগণের আমানত ঝুঁকিতে ফেলা। বিগত সময়ের ভুল নীতি এবং ঋণের ফাঁদে জর্জরিত অর্থনীতি সচল রাখার নামে সরকার দেশকে এক দীর্ঘমেয়াদি দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে, যার চড়া মূল্য দিতে হবে এ দেশের খেটে খাওয়া আম জনগণকে। 

খেলাফত মজলিসের আমির বলেন, সরকার যখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার রূপকথা শোনায়, তখন বাজার বাস্তবতায় তা জনগণের কাটা ঘায়ে নুনের ছিটার মতো শোনায়। বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকার রাজস্ব আদায়ের নামে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার যে দানবীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা আদায়ের চাবুক চালানো হবে মূলত মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও সীমিত আয়ের জনগণের পিঠে।