মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৪৭ এএম

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের দত্তগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই এলাকায়, তার বাবার নাম মৃত আজিবুর রহমান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে আছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত