রেলপথে আসবে বৈদ্যুতিক ট্রেন যুক্ত হবে সব জেলা ও বন্দর

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলপথে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল সংযোগ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ ছাড়া দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পাশাপাশি সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণ করা হবে। এ ছাড়া আধুনিক লোকোমোটিভ, ক্যারেজ ও ওয়াগন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি স্থানীয়ভাবে কোচ ও লোকোমোটিভ সংযোজনের (অ্যাসেম্বলিং) কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু এবং রেলপথে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল সংযোগ চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বিবেচনায় রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। সেই হিসাবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দে প্রায় ১২ হাজার ৪৩৮ কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে।