সন্ত্রাসী কাইল্যা পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ (কাইল্যা পলাশ নামে পরিচিত) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে তাকে গুলি করে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান।

ওসি দেশ রূপান্তরকে বলেন, পলাশের মাথায় দুটি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। পলাশ পশ্চিম রামপুরা এলাকার ইউনুস খানের ছেলে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। 

আহতের ভাই আল আমিন জানান, শুক্রবার দুপুরে রামপুরায় রয়েল মিষ্টির দোকানের সামনের রাস্তায় অবস্থান করছিল পলাশ। এ সময় ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা মাসুদ’সহ দুজন মোটরসাইকেলে এসে আকস্মিক পলাশের মাথা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, পলাশের মাথায় দুটি গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন। তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী ঘটনার পেছনে স্থানীয় সন্ত্রাসী কাইল্যা মাসুদের নাম উঠে এসেছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে রামপুরা থানা পুলিশ ও ডিবির একাধিক টিম মাঠে নেমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গতকাল সন্ধ্যায় এ ঘটনায় মামলা হয়নি।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১০ নভেম্বর রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে (৫৫)। এ ছাড়া চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন।