কোরিয়ার গতির কাছে পরাস্ত চেকিয়া

বিশ্বমঞ্চের লড়াইয়ের শুরুতেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল দক্ষিণ কোরিয়া। ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী দিনে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েও মাঠের ক্ষীপ্রতা আর অদম্য মানসিকতায় চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে ‘তায়েগুক ওয়ারিয়র্স’রা। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে এশিয়ান পরাশক্তিদের গতির ঝড়ে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে ইউরোপের দলটি। এর আগে টানা তিন আসরে জয়হীন থেকে বিশ্বকাপ শুরু করা কোরিয়ানরা এবার মেক্সিকোর মাটিতে নতুন এক ইতিহাস তৈরি করল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর আসল নাটকীয়তা ছড়ায় বিরতির ঠিক পরপরই। ম্যাচের ৫৮তম মিনিটে ভøাদিমির কুফালের নিখুঁত এক লং থ্রো থেকে চমৎকার হেডে গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে নেন অধিনায়ক ল্যাডিসøাভ ক্রেইচি। দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপে ফেরা চেকদের এই উল্লাস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি দক্ষিণ কোরিয়া। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে অলআউট আক্রমণে যায় তারা। ম্যাচের ৬৬তম মিনিটে চোট কাটিয়ে দলে ফেরা মাঝমাঠের প্রধান ভরসা হুয়াং ইন-বিওম নিখুঁত এক চিপে চেক গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-১ সমতায় ফেরান। সমতায় ফিরে আরও আগ্রাসী হয়ে ওঠে কোরিয়া। ম্যাচের ৭৯তম মিনিটে আসে সেই কাক্সিক্ষত মুহূর্ত; বদলি হিসেবে নামা ২৫ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ওহ হিয়ন-গিয়ু প্রতিপক্ষের রক্ষণব্যূহ চূর্ণ করে কোরিয়ার পক্ষে জয়সূচক ঐতিহাসিক গোলটি করেন। ১টি গোল ও ১টি অ্যাসিস্ট করে ম্যাচের আসল নায়ক বনে যান বিওম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোরিয়ানদের এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর রহস্য উন্মোচন করতে গিয়ে কোচ হং মিউং-বো দলের দৃঢ় একতার প্রশংসা করেন। তিনি বলেন, ‘ম্যাচে নামার আগে শিষ্যদের আমি কেবল দুটি পরিষ্কার বার্তা দিয়েছিলাম, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের ময়দান ছাড়া যাবে না এবং সবাইকে এক হয়ে খেলতে হবে। সবাই মাঠে ঠিক সেটাই করে দেখিয়েছে।’ তবে দলের প্রধান তারকা ও অধিনায়ক সন হিউং-মিনের কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করা এবং অফ-ফর্ম নিয়ে সমালোচনা উড়িয়ে দিয়ে কোচের মন্তব্য, ‘সন আমাদের সেরা অস্ত্র এবং নির্ভরযোগ্য নেতা। আক্রমণভাগের ফিনিশিংয়ের দুর্বলতাগুলো আমাদের দ্রুত শুধরে নিতে হবে।’

আগামী ১৯ জুন মেক্সিকোর বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে দক্ষিণ কোরিয়া। এর আগে ১৮ জুন নিজেদের দ্বিতীয় লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।