ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রায় সব বড় শিরোপাই কার্লো আনচেলত্তির শোকেসে জমা পড়েছে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের কোচ হিসেবে নামার আগে তিনি অনুভব করছেন এক নতুন ধরনের স্নায়ুচাপ। তবে অভিজ্ঞ এই ইতালিয়ান মাস্টারমাইন্ড এই ভয়কে দুর্বলতা হিসেবে নয়, বরং একটি 'কার্যকর সতর্কবার্তা' হিসেবেই দেখছেন।
শনিবার মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি তাঁর এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
মরক্কোর মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই বলে মনে করেন আনচেলত্তি। তিনি বলেন, "ভয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনার ভয় না থাকে এবং আপনি অসতর্ক থাকেন, তবে আপনি হয়তো একটি সিংহকে বিড়াল ভেবে ভুল করতে পারেন। ভয় আপনাকে জীবন বাঁচাতে সাহায্য করে; তাই সতর্ক থাকা এবং মনোযোগ ধরে রাখা সব সময় ভালো।"
তিনি আরও যোগ করেন, "মরক্কো বর্তমানে আফ্রিকার অন্যতম সেরা দল। আধুনিক ফুটবলে ছোট-বড় কোনো দলই নেই, তাই আমাদের শুরু থেকেই তীক্ষ্ণ থাকতে হবে।"
ইউরোপের বড় পাঁচটি লিগে শিরোপা জয় এবং রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী কোচ হিসেবে আনচেলত্তি এখন ব্রাজিলের হয়ে দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর মিশনে কাজ করছেন। ব্রাজিলের ডাগআউটে থাকাটাকে তিনি একদিকে যেমন গর্বের বলে মনে করছেন, অন্যদিকে এটিকে দেখছেন বড় এক 'দায়িত্ব' হিসেবে।
আনচেলত্তি বলেন, "এটি আমার জন্য একটি নতুন এবং বিশেষ অভিজ্ঞতা। ফুটবলের তীর্থস্থান এবং বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা অনেক বড় সম্মান ও দায়িত্বের বিষয়। আমি এই মুহূর্তটি আনন্দ ও খুশির সাথে উপভোগ করতে চাই, কারণ আমার গল্পের এটি একটি চমৎকার অধ্যায়।"
নিজের দলের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি যোগ করেন, "আমি একজন আশাবাদী মানুষ। আমি আত্মবিশ্বাসী যে, আমরা আগামীকাল একটি দুর্দান্ত ম্যাচ খেলার জন্য এবং একটি সফল বিশ্বকাপ কাটানোর জন্য পুরোপুরি প্রস্তুত।"
শনিবার ভোররাতে (৪টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে। এখন দেখার বিষয়, আনচেলত্তির এই 'সতর্কতা' ও 'ভয়' সেলেসাওদের কতটা সাফল্যের পথ দেখাতে পারে।