নলকূপ বসানোর কাজ করতে গিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারে লোহার খাম্বা স্পর্শ করলে মর্মান্তিক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়াপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রফিক হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। কাজের একপর্যায়ে শ্রমিকরা একটি লোহার খাম্বা স্থাপন করতে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের প্রধান লাইনের তারে লেগে যায়। সঙ্গে সঙ্গে কয়েকজন শ্রমিক বিদ্যুতায়িত হন।

ঘটনাস্থলেই মারা যান আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে মো. বেল্লাল (৪০) এবং ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার বাসিন্দা মো. ইউসুফ (৩০)।

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন মো. রাকিব হোসেন (১৭), মো. রনি (১৮), মো. মারুফ (১৯) ও মো. রিফাত (২১)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আসীম সমদ্দার বলেন, গভীর নলকূপের জন্য লোহার খাম্বা বসানোর সময় অসাবধানতাবশত সেটি বিদ্যুতের মূল তারে স্পর্শ করে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।