ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, ১ শিশুর মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে আরিয়ন (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিয়ন ওই গ্রামের বাসিন্দা আরমান মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাবা-মায়ের পাশে ঘুমিয়ে ছিল আরিয়ন। হঠাৎ শিশুটির কান্না ও চিৎকারে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। ঘরের বাতি জ্বালিয়ে তারা দেখতে পান একটি বিষধর জাতি সাপ শিশুটির পাশেই ঘুরে বেড়াচ্ছে। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

পরে দ্রুত আরিয়নকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা আরমান মিয়া বলেন, “আমার ছেলেটা আমাদের পাশেই ঘুমিয়ে ছিল। হঠাৎ চিৎকার শুনে দেখি পাশে একটি সাপ। পরে লোকজন এসে সাপটিকে মেরে ফেলে। ছেলেটার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।”

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা সাপে দংশনের কথা জানান। শিশুটির হাতে দংশনের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত