বিশ্বকাপ ২০২৬-এর মরক্কো বনাম ব্রাজিলের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচে ফুটবলপ্রেমীদের জন্য একটি মিশ্র খবর রয়েছে। এই হাই-ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের ডাগআউটে বা বিকল্প খেলোয়াড়দের বেঞ্চে দেখা যাবে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে। তবে বেঞ্চে থাকলেও কোচ কার্লো আনচেলত্তির এই ম্যাচে নেইমারকে মাঠে নামানোর কোনো সম্ভাবনা নেই।
কেন খেলবেন না নেইমার?
ডান পায়ের গোড়ালির মাংসপেশির চোটে ভুগছেন এই সান্তোস তারকা। গত ২৭ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই চোটের কারণে দলের সাথে স্বাভাবিক অনুশীলন করতে পারছেন না তিনি।
আজ ম্যাচের দিনেও যখন দলের বাকি ফুটবলাররা মাঠের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন নেইমারকে মেডিকেল টিমের অধীনে নিবিড় ফিজিওথেরাপি নিতে দেখা গেছে। মূলত পুরোপুরি ফিট না হওয়ার কারণেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
খেলবেন না, তবুও কেন বেঞ্চে?
ফিট না হওয়া সত্ত্বেও নেইমার মেটলাইফ স্টেডিয়ামে দলের সাথে যোগ দেবেন। বিশেষ প্রটোকল অনুযায়ী, ম্যাচ স্কোয়াডে নাম না থাকলেও তিনি কেডস বা সাধারণ জুতো পরে কোচ ও বাকি সতীর্থদের সাথে ডাগআউটে বসার অনুমতি পেয়েছেন।
মূলত দলের জুনিয়ার ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং মাঠে থেকে সমর্থন জোগাতেই তার এই উপস্থিতি। এর আগে মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচেও একইভাবে নেইমারকে মাঠের ওয়ার্ম-আপে এবং পরে ডাগআউটে বসে দলের খেলা উপভোগ করতে দেখা গিয়েছিল।
মরক্কোর বিপক্ষে ম্যাচে কার্লো আনচেলত্তির দলে একমাত্র নিশ্চিত অনুপস্থিতি নেইমার নিজেই। আক্রমণভাগে তার জায়গায় থাকছেন ম্যাথিউস কুনহা। ম্যাচে ব্রাজিলের নিশ্চিত শুরুর একাদশটি হলো:
অ্যালিসন বেকার (গোলরক্ষক); ড্যানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালাইস, অ্যালেক্স স্যান্ড্রো; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস; লুকাস পাকেতা, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া এবং ভিনিসিয়ুস জুনিয়র।