ইরানের প্রশিক্ষণ ক্যাম্পের বাইরে গলিত লাশ উদ্ধার!

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:০৯ পিএম

মাঠে খেলা গড়ানোর আগেই ২০২৬ বিশ্বকাপে ইরান ফুটবল দলকে ঘিরে তৈরি হলো নজিরবিহীন আতঙ্ক ও রহস্য। মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় ইরানি ফুটবল দলের (টিম মেল্লি) অনুশীলন ক্যাম্পের ঠিক বিপরীত পাশের একটি গাড়ি পার্কিং লট থেকে এক ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার মাত্র ৭২ ঘণ্টা আগে এই রোমাঞ্চকর ঘটনাটি ঘটল।

স্থানীয় পুলিশ ও এএফপি -এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, মেক্সিকোর টিজুয়ানা শহরের 'এস্তাদিও কালিয়েন্তে' স্টেডিয়ামের (যেখানে বর্তমানে ইরান দল অনুশীলন করছে) ঠিক বিপরীত দিকে একটি পরিত্যক্ত টয়োটা এসইউভি গাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। গতকাল শুক্রবার নিয়মিত টহলের সময় পুলিশ গাড়িটির ডিকি খোলে এবং প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করে। গাড়িটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত ছিল। প্রাথমিক সুরতহালে মরদেহে স্পষ্ট আঘাত ও সহিংসতার চিহ্ন পাওয়া গেছে।

টিজুয়ানা শহরটি মূলত মেক্সিকোর ড্রাগ কার্টেল ও অপরাধ প্রবণতার জন্য কুখ্যাত। অনুশীলনের এত কাছাকাছি লাশ মেলার পর তড়িঘড়ি করে সশস্ত্র মেক্সিকান সেনাদের কড়া পাহারায় ইরানি খেলোয়াড়দের কনভয়কে মাঠ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মেক্সিকোর বিশেষ ফরেনসিক দল ঘটনাটির তদন্ত শুরু করেছে।

মাঠের বাইরের এই চরম লজিস্টিক জটিলতা, ভিসা বিতর্ক এবং ক্যাম্পের বাইরে লাশের আতঙ্ক মাথায় নিয়েই সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে ইরানকে। মাঠের যুদ্ধের চেয়ে এখন নিজেদের মানসিক শক্তি ধরে রাখাই টিম মেল্লির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত