সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঘুষ গ্রহণের মাধ্যমে অনিরাপদ কাজ করার অভিযোগে সিঙ্গাপুরের একটি আদালতে পাঁচ বাংলাদেশিসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারা সবাই হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের কর্মী। তাদের বয়স ২৯ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে গত শুক্রবার দুর্নীতি প্রতিরোধ আইন এবং ফৌজদারি কার্যবিধির অধীনে বিভিন্ন ধারায় অভিযোগ অভিযোগ গঠন করা হয়।

অভিযুক্ত পাঁচ বাংলাদেশি হচ্ছেন শাহীন (৩২), উজ্জ্বল বিশ^াস (৪২), মো. মিঠু হোসেন আরিফ (৩৩), মো. মেসবাহ উদ্দিন (৩৪) ও প্রদীপ চন্দ্র বিশ^াস (২৯)। অন্যজন সিঙ্গাপুরের নাগরিক সিওউ হুং উই (৫৩)। তাদের মধ্যে শাহীনের বিরুদ্ধেই সর্বাধিক ১৫টি অভিযোগ আনা হয়েছে।

হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন সিঙ্গাপুরের ল্যাব্রাডর ভিলা রোড প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান। শাহীন হুন্দাইয়ের নিরাপত্তা সমন্বয়কারী। আদালতের নথি অনুযায়ী,  শাহীন ল্যাব্রাডর ভিলা রোড প্রকল্পে জড়িত বিভিন্ন সাব-কন্ট্রাক্টরের অধীনে কর্মরত অন্য নিরাপত্তা সমন্বয়কারীদের কাছ থেকে প্রায় ৬ হাজার ২০০ ডলার ঘুষ গ্রহণ বা আদায়ের চেষ্টা করেছিলেন। বলা হচ্ছে, শাহীন ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে একাধিকবার দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অন্যান্য অভিযোগের মধ্যে তিনি অনিরাপদ কাজের জন্য নিরাপত্তাসংক্রান্ত প্রশাসনিক অভিযোগ জারি করেননি এবং কর্মস্থলে অনিরাপদ কাজ করার জন্য নিষিদ্ধ হওয়ার পরেও একজন কর্মীকে পুনরায় কাজে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ঘুষ গ্রহণ করেছেন।

উজ্জ্বল, মিঠু, প্রদীপ ও মেসবাহর বিরুদ্ধে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে অন্যান্য নিরাপত্তা সমন্বয়কারীদের কাছ থেকে মোট প্রায় ২ হাজার ৭০০ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

ল্যাব্রাডর ভিলা রোড নামের ওই প্রকল্পে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এযাবৎকালের বৃহত্তম ভূগর্ভস্থ সাবস্টেশন, চারটি ফুটবল মাঠ এবং একটি ৩৪ তলা বাণিজ্যিক টাওয়ার নির্মাণ। ল্যাব্রাডর সাবস্টেশনটি নিকটবর্তী আলেকজান্দ্রা, ক্লেমেনটি, কেপেল, পাসির পাঞ্জাং এবং সায়েন্স পার্ক জেলার বিদ্যুতের চাহিদা মেটাবে।