সব্যসাচীর প্রত্যাবর্তন

অনেক দিন ধরে পর্দায় নেই ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। স্ত্রী মিঠু চক্রবর্তী অসুস্থ হওয়ার পর তার সঙ্গে সময় কাটিয়েছেন। তাছাড়া নিজেও শারীরিকভাবে গুরুতর অসুস্থ তিনি। দুই বছর আগে অভিনয় থেকে অবসর গ্রহণের ইচ্ছার কথাও জানান এই শিল্পী। বহুবার বহু সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যামেরার সামনে আর তেমনভাবে আসা হয় না। তবে এবার ভক্তদের মনে আনন্দ জাগিয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী। ক্যানসারের সঙ্গে লড়াই করে ইতিমধ্যেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মিঠু। তবে এবার সেই পুরনো গ্রুপে আবার দেখতে পাওয়া যাবে সব্যসাচী চক্রবর্তীকেও। ওটিটির প্ল্যাটফর্ম হইচই-এর পর্দায় খুব অচিরেই মুক্তি পাবে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিরিজের তৃতীয় সিজন। এই সিরিজে নাম ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী অভিনয় করলেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।

কিন্তু তিনি ইতিবাচক না নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তা এখনো জানা যায়নি। তবে যে চরিত্রেই অভিনয় করুক না কেন, বহুদিন পর সব্যসাচী চক্রবর্তীকে পর্দায় দেখার খবরে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। আবার অভিনয়ে ফেরার খবরটাই যেন সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে দর্শকের কাছে। ঋত্বিক চক্রবর্তী এবং সব্যসাচী চক্রবর্তী ছাড়া এই সিরিজে থাকবেন খেয়া চট্টোপাধ্যায় এবং দেবরাজ ভট্টাচার্য।