নাটকেই ব্যস্ত সুনেরাহ

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:২২ এএম

সময়ের আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমাতেই সেরা অভিনেত্রী হিসেবে বগলদাবা করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও এখন নাটকেই বেশি ব্যস্ত এই মডেল-অভিনেত্রী। হালের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। এমনকি দর্শকের কাছে তিনি সুনেরাহ থেকে ‘সায়রা’ নামেই পরিচিতি পেয়ে গেছেন। গত শনিবার রাতে নাটকটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়। সেখানে হাজির হন এর নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা। কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সুনেরাহ বলেন, ‘‘সত্যিই, আমি যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে। ক’দিন আগে এক আন্টিও ‘সায়রা’ বলে ডেকে প্রশংসা করলেন। আমি উনাকে বললাম, আন্টি আমার নাম তো সুনেরাহ। তিনি বলেন, ‘না না, আমি তোমাকে সায়রা বলেই ডাকব’। এ রকম আরও অনেকেই বলেন।”

চরিত্রের নামে পরিচিতি পাওয়াকে সাফল্য বলেই মনে করছেন এ অভিনেত্রী। সুনেরাহর ভাষ্য, ‘গত শনিবার নাটকটির সাকসেস পার্টি হয়েছে। তো দর্শক আমাকে যেভাবে সায়রা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, নিজের পরিবারের সায়রা মনে করছেন, এটা আমার জন্য একটা বড় সাফল্য ও অর্জন।’

 তবে সুনেরাহ বলেন, ‘মূলধারার বাণিজ্যিক সিনেমায় আরও কাজ করতে চাই। বুদ্ধি হওয়ার আগে থেকেই আমি সিনেমাপাগল ছিলাম। সব সময় টেলিভিশনে সিনেমা দেখতাম। তবে আড়াই বছর বয়স থেকে নাচ শিখেছি। আম্মু আমাকে বাফা (বুলবুল ললিতকলা একাডেমি) ওয়াইজঘাট শাখায় গানের ক্লাসে ভর্তি করিয়েছিলেন। এক মাস পর আম্মু গিয়ে দেখেন, আমি নাচের ক্লাসে ক্লাস করছি। কোর্স শেষেও নাচের প্র্যাকটিস করে গেছি। বাসায় বসে সারা দিন বাংলা সিনেমা দেখতাম। ছোটবেলায় আমার বাসার গৃহকর্মীর সঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা বাংলা সিনেমাই দেখতাম। বাংলা সিনেমা দেখতে আমার খুব ভালো লাগত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত