অনন্য উচ্চতায় পৌঁছে গেল ‘মাইকেল’

কয়েকদিন ধরেই অনুমান করা হচ্ছিল, খুব শিগগিরই অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়বে পপ কিং মাইকেল জ্যাকসনের বায়োপিক। অবশেষে সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেল ‘মাইকেল’ নামের এই বায়োপিকটি। 

মুক্তির পর বিশ্বজুড়ে একের পর এক বক্স অফিস রেকর্ড ভাঙতে থাকা ছবিটি এবার সংগীতভিত্তিক জীবনীচিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড দখল করেছে। ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৯১১ দশমিক ৯ মিলিয়ন ডলার। এর মাধ্যমে এটি ছাড়িয়ে গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলারের আয়কে। ‘মাইকেল’ই এখন সবচেয়ে বেশি আয় করা মিউজিক্যাল বায়োপিক। 

বক্স অফিস বিশ্লেষকদের মতে, ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ৩৫৮ দশমিক ৬ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৫৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। জাপানে মুক্তির পর আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এমনকি ছবিটি এক বিলিয়ন ডলার আয় করার মাইলফলকও স্পর্শ করতে পারে।