বরিশালে অবৈধভাবে পাচারকালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) । বরিশালের দোয়ারিকা শিকারপুর ব্রিজের টোল প্লাজায় একটি ট্রাক থেকে রবিবার (১৪ জনু) দিবাগত রাতে রেণু পোনাগুলো পাচারকালে জব্দ করা হয়। এ সময় সেখানে থাকা ৭ শ্রমিক ট্রাক ফেলে পালিয়ে যায়।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় জব্দ মাছের রেণু পোনা বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়।
বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বলেন, ভোলা থেকে অবৈধভাবে ট্রাকযোগে পাচারকালে এ সব রেণু পোনা এনএসআইর সহযোগীতায় জব্দ করা হয়। উদ্ধার ১৩ ব্যারেলের প্রায় তিন লাখ রেণু পোনার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। পরে বরিশালের কীর্ত্তণখোলা নদীতে এ সব রেণু পোনা অবমুক্ত করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: বাসস