সাভারে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৭

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবা ও ৩০০ পুরিয়া হেরোইনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৫ জুন) দুপুরে ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

ডিবি জানায়, রবিবার (১৪ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত আশুলিয়া, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩৭০ পিস ইয়াবা ও ৩০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন  আশুলিয়ার বুড়িপাড়া এলাকার ছপুর উদ্দীন (৬০), লুৎফর রহমান (৩০), সাভারের বক্তারপুর এলাকার হেলেনা আক্তার (৩৫), নুরজাহান বেগম (২৭), ধামরাইয়ের কসমচ এলাকার আলমগীর হোসেন (৪২), আশুলিয়ার গেরুয়া এলাকার আসাদ মিয়া (৩৮) ও সাভারের আমিনবাজার এলাকার শাফিরুল ইসলাম নয়ন (৩৬)।

ডিবির তথ্যমতে, আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে ছপুর উদ্দীন ও লুৎফর রহমানকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার ৬০০ টাকা নগদসহ গ্রেপ্তার করা হয়। সাভারের বক্তারপুর এলাকা থেকে হেলেনা আক্তার ও নুরজাহান বেগমকে ১২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ছাড়া ধামরাইয়ের কসমচ এলাকা থেকে আলমগীর হোসেনকে ৫০ পিস ইয়াবা, আশুলিয়ার গেরুয়া এলাকা থেকে আসাদ মিয়াকে ১০০ পিস ইয়াবা ও সাভারের আমিনবাজার এলাকা থেকে শাফিরুল ইসলাম নয়নকে ৩০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার শাফিরুল ইসলাম নয়নের বিরুদ্ধে আগেও তিনটি মাদক মামলা রয়েছে। পরে দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।