ঠাকুরগাঁও সদরের ১৫ বছর বয়সী এক কিশোরীকে ঘুরতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৪ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৩ জুন) রাতে কালিতলা বাজারের পাশের একটি গুদামে ধর্ষণের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন কালিতলা এলাকার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) ও মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় এক সপ্তাহ আগে ওই কিশোরীর সঙ্গে কালিতলার আনারুলের ছেলে তামিম ইসলামের পরিচয় হয়। শনিবার বিকেলে ওই কিশোরীকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘গোডাউন ঘরে’ নিয়ে যাওয়া হয়। সেখানে তামিম ও তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে রাত তিনটার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায় এবং অভিযুক্ত তিনজনকে আটক করে। রবিবার ভোর ৪টার দিকে মেয়েটিকে ওই গুদাম থেকে আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি কর পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।