জয়পুরহাট

ক্ষেতলালে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৪:১১ এএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে ইনসের আলী (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুন) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইনসের আলী ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুন বুধবার দুপুরে ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী তরুণী মাটিহাস গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানখেতে গরু চরাতে যান। এ সময় জনশূন্য মাঠের সুযোগ নিয়ে একই গ্রামের ইনসের আলী তাকে জোরপূর্বক জাপটে ধরে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।

ধর্ষণের সময় ভুক্তভোগীর চিৎকার শুনে তার মামা আবু কাশেম ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত ইনসের আলী পালিয়ে যায়। পরে স্বজনরা তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসা নেন।

এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায়, ১৩ জুন শনিবার একটি মামলা দায়ের করা হয়। মামলার পরে ক্ষেতলাল থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার পর ১৪ জুন (রবিবার) বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলার তালুড়া এলাকা থেকে আসামি ইনসের আলীকে গ্রেপ্তার করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপর ছিল ও বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই আসামি ইনসেরকে বগুড়ার দুপচাঁচিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত