ডিআর কঙ্গোয় একদিনে রেকর্ড ইবোলা রোগী শনাক্ত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) এক দিনে রেকর্ডসংখ্যক ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গত রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৭২ জন ইবোলা আক্রান্ত রোগীর কথা নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। দেশটিতে ইবোলা সংক্রমণে এটি একটি রেকর্ড। কারণ এর আগে কখনো একদিনে এতসংখ্যক রোগী প্রাণঘাতী ইবোলায় আক্রান্ত হয়েছে এমন কোনো তথ্য নেই। নতুন রোগী শনাক্তের পর মধ্যে আফ্রিকার এই দেশটিতে ইবোলায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৭৮২ জনে। ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও ধরনের প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে কঙ্গোর সরকার।

নতুন শনাক্ত ৭২ জনের মধ্যে ৫৬ জনই কঙ্গোর ইতুরি প্রদেশের। এই প্রদেশটি বর্তমান ইবোলা প্রাদুর্ভাবের মূল কেন্দ্র বা এপিসেন্টারে পরিণত হয়েছে। ইবোলা ভাইরাসের বৈজ্ঞানিক নাম ‘অর্থোইবোলাভাইরাস জাইরেন্স’। এ পর্যন্ত ইবোলার ছয়টি ধরন বা প্রজাতি শনাক্ত হয়েছে। সেগুলো হলোজাইর, সুদান, বুন্ডিবুগিও, রেস্টন, তাই ফরেস্ট ও বোম্বালি। ২০১৪ সাল থেকে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে ‘জাইর’ প্রজাতিটি। আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর রক্ত, লালা, ঘাম, বমি, মল-মূত্র বা অন্যান্য শারীরিক তরলের সঙ্গে সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়ায়।