সোনার কলসের পর রোল্যাক্স ঘড়ি

রহস্য কী

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বাঁ হাতে চকচকে ব্র্যান্ড নিউ ‘রোল্যাক্স’ ঘড়ি। পাশে বসা ঢালিউডের হার্টথ্রব নায়িকা পূর্ণিমা। কৌতূহল চেপে রাখতে না পেরে পূর্ণিমা প্রশ্ন ছুড়লেন, ‘এই ঘড়ির রহস্য কী?’ বিপরীতে শাকিবের সেই চেনা রহস্যময় হাসি। এরপর শাকিবের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দুজনের জুটিবদ্ধ কাজের অসংখ্য স্মৃতি, সব উঠে এলো এক প্রাণবন্ত আড্ডায়। উঠে এলো শাকিবের জীবনের প্রেম-ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ের কথাও।

চ্যানেল আইয়ের সুসজ্জিত ও জমকালো স্টুডিও সেটে সম্প্রতি ধারণ করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’। ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের আগমন উপলক্ষে পুরো স্টুডিও সাজানো হয়েছিল তার অভিনীত জনপ্রিয় সব সিনেমার কাটআউট দিয়ে। ‘পরান যায় জ্বলিয়া রে...’ গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব ও পূর্ণিমা। তবে এই আয়োজনে যে এত বড় চমক অপেক্ষা করছে, তা ছিল সবার ধারণার বাইরে।

রেকর্ডিং চলাকালে স্টুডিওতে উপস্থিত হন সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সেখানেই চ্যানেল আইয়ের পক্ষ থেকে শাকিব খানের হাতে তুলে দেওয়া হয় বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘রোল্যাক্স’-এর একটি ঘড়ি। এমন রাজকীয় উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ঢালিউড কিং। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘উপহারের সঙ্গে দামের কোনো সম্পর্ক নেই। চ্যানেল আই আমাকে যে সম্মান দেখিয়েছে, এর কোনো মূল্য হয় না; এটি অমূল্য।’ ইফতেখার মুনিমের পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানটি শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

ঢালিউডের শীর্ষ তারকাদের এভাবে সারপ্রাইজ দেওয়ার ট্রেন্ড অবশ্য এবারই প্রথম নয়। কিছুদিন আগেই চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে ‘সোনার কলস’ তুলে দিয়ে আলোচনায় আসে চ্যানেল আই। তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর অপুর হাতে এই অনন্য উপহার তুলে দেন।

চ্যানেল আই সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল বগুড়ার মমইনে আয়োজিত দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মহড়ার সময় ফরিদুর রেজা সাগরের কাছে একটি সুপ্ত ইচ্ছার কথা জানিয়েছিলেন অপু বিশ্বাস। সেই ইচ্ছা পূরণের অংশ হিসেবেই গত ২ জুন বিশেষ আয়োজনের মাধ্যমে তার হাতে এই ‘সোনার কলস’ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অপু বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী কুসুম সিকদার ও উপস্থাপক সামান্তা ইসলাম। আকস্মিক এই উপহার পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি অপু। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লেখেন, ‘শিল্পীজীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও ‘সোনার কলস’ পাওয়ার অভিজ্ঞতা একেবারেই ব্যতিক্রমী। সাংবাদিক আবদুর রহমানের ফোন পেয়ে চ্যানেল আই কার্যালয়ে গিয়ে এমন আয়োজন দেখে আমি স্পিচলেস হয়ে গিয়েছিলাম।’

অপু বিশ্বাস আরও যোগ করেন, ‘এই সোনার কলসের মূল্য সোনার দামে মাপার নয়। এর মধ্যে আমি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি খুঁজে পেয়েছি। এটি আমার জীবনের সবচেয়ে ইমোশনাল ও স্মরণীয় প্রাপ্তি।’ অপু বিশ্বাসের বিশেষ অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হয়েছে।

দেশের দুই শীর্ষ তারকাকে ‘সোনার কলস’ ও ‘রোল্যাক্স’ ঘড়ির মতো দামি ও সম্মানজনক উপহার দিয়ে চ্যানেল আই সংস্কৃতি অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।