বিশ্বজুড়ে এখন ফুটবল উন্মাদনা, যার ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে আকাশি-সাদা সমর্থকদের জোয়ারে ভাসছে চারপাশ। আর্জেন্টিনা ভক্তদের এই উচ্ছ্বাসকে আরও রঙিন করতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। গানের শিরোনাম ‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’।
কেবল কণ্ঠ দেওয়াই নয়, গানটির কথা ও সুরও তৈরি করেছেন লগ্না নিজে। এস এ সুমনের সংগীতায়োজনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সজল রানা। নান্দনিক এই ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন তপু, মামুন ও খোদ রাহিদা লগ্না। মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংঘের নৃত্যশিল্পীরা এতে পারফর্ম করেছেন, যাদের সার্বিক সহযোগিতা দিয়েছেন তামিম আহমেদ সবুজ।
শুটিং চলাকালেই গানটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এবার প্রকাশ হলো গান। লগ্না বলেন, গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি।
গানটি তৈরির পেছনের গল্প জানতে চাইলে লগ্না বলেন, ‘এস এ সুমন ভাইয়ের সঙ্গে কাজ করার সময় একদিন হঠাৎ তাকে প্রস্তাব দিই প্রিয় দল আর্জেন্টিনাকে নিয়ে কিছু করার। তিনি রাজি হতেই গানটি তৈরি হয়ে যায়। শুটিংয়ের কিছু দৃশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় দলকে নিয়ে ভক্তদের জন্য কিছু করতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
আর্জেন্টিনা সমর্থকদের ফুটবলীয় আবেগকে নতুন মাত্রা দিতে গানটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলছে।