নেটফ্লিক্সে আসছে দিবু মার্তিনেজের অ্যানিমেটেড সিনেমা

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক, গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ এবার আসছেন ওটিটি মাতাতে। বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রকাশ করেছে এই তারকা গোলরক্ষকের জীবন নিয়ে নির্মিতব্য বিশেষ অ্যানিমেটেড সিনেমার বিস্তারিত। যার শিরোনাম ‘দিবু মার্তিনেজ : এল পিবে কে আতাহা এল তিয়েম্পো’ (দ্য কিড হু স্টপস টাইম)।

গুস্তাভো কোভার পরিচালনা ও হার্নান কাসিয়ারির রচনায় এই সিনেমাটিতে মার্তিনেজের শৈশব, মার দেল প্লাতা থেকে ইউরোপের ক্লাবে পাড়ি জমানো এবং ২০২১ সালে জাতীয় দলে অভিষেকের পর কাতার বিশ্বকাপসহ একের পর এক শিরোপা জয়ের গল্প উঠে আসবে। তবে এটি কোনো প্রথাগত স্পোর্টস ডকুর মতো নয়; সিনেমাটি মূলত শিশুদের ও পারিবারিক দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

গল্পের মূল আকর্ষণ এর ফ্যান্টাসি উপাদান। যেখানে দেখা যাবে এক শিশু অলৌকিকভাবে ‘সুইচ’ টিপে সময় থামিয়ে দেওয়ার ক্ষমতা পায় এবং একটি ফুটবল ছায়ার মতো তার সঙ্গী হয়ে তাকে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়। বিখ্যাত আর্জেন্টাইন কার্টুনিস্ট রিকার্ডো সিরির (লিনিয়ার্স) অসাধারণ ট্র্যাডিশনাল টুডি ইলাস্ট্রেশন ও জলরঙের আবহের সঙ্গে এখানে যুক্ত করা হয়েছে বাস্তব আর্কাইভাল ফুটেজ।

ফুটবলীয় কৌশলের চেয়েও সিনেমাটিতে প্রাধান্য পেয়েছে দিবুর ‘মানুষ’ হয়ে ওঠার গল্প, তার পরিশ্রম, জেদ আর পারিবারিক আত্মত্যাগ। এতে দিবুর নিজের কণ্ঠের পাশাপাশি তার বাবা-মা, ভাই এবং স্ত্রীর আবেগঘন সাক্ষাৎকার রয়েছে, যা দর্শকদের গভীরভাবে স্পর্শ করবে। পেগসার প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি চলতি বছরই নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে। প্রিয় তারকার এমন জাদুকরী রূপ দেখতে ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।