রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় কতখানি অগ্রগতি হয়েছে সেটির হালনাগাদ তথ্য জানতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, কতটুকু অগ্রগতি হয়েছে, সড়কে এআই ক্যামেরা কতগুলো বসানো হয়েছে, বাকিগুলো কবে নাগাদ বসানো হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক। রাজধানীর পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলো সরানোর বিষয়েও আলোচনা হয়েছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বলেছেন।