উদ্ভাবনী মেলায় সাফল্য মাইলস্টোন আফতাবনগরের

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:২৭ এএম

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা। 

গত রবিবার রাজধানীর তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে জেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জেলা পর্যায়েও বিজয়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরবময় যোগ্যতা অর্জন করে। বিজয়ী শিক্ষার্থীরা হলেন অষ্টম শ্রেণির (বাংলা মাধ্যম) তাওসিফ রহমান, শাশ্বত বিশ্বাস অর্ঘ এবং সিদরাতুল মুনতাহা জায়েদ।

জেলা পর্যায়ে অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। প্রদর্শিত প্রকল্পগুলো পরিদর্শনকালে নিজেদের উদ্ভাবনী ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি নিয়ে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা।

গৌরবময় এই অর্জনের জন্য সব শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী, অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ মোফাজ্জেল মাওলা এবং পরিচালক পারমিতা নন্দী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত