কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ‘ভালো’ বা ‘সুস্থ’ বলে মনে হয়েছে মেডিকেল বোর্ডের সদস্যদের কাছে। বোর্ডের মতামতের ভিত্তিতে তাকে যেকোনো সময় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এক বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জিসান মিয়াকে। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। এ অবস্থায় তার প্রকৃত শারীরিক অবস্থা নিরূপণে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল সোমবার মেডিকেল বোর্ডের সদস্যরা জিসানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেন। পরে তারা একটি প্রতিবেদন হাসপাতালের পরিচালকের কার্যালয়ে জমা দেন। মেডিকেল বোর্ডের সদস্যসচিব ও হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার বলেন, আমরা দীর্ঘ সময় ধরে রোগীর অবস্থা পর্যালোচনা করেছি এবং একটি প্রতিবেদন পরিচালকের কার্যালয়ে জমা দিয়েছি। এ বিষয়ে সরাসরি মন্তব্য করার সুযোগ নেই। তবে খালি চোখে যতটুকু দেখা যায়, রোগীর অবস্থা খারাপ নয়, ভালোই মনে হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক নিশাত সুলতানা বলেন, মেডিকেল বোর্ড প্রতিবেদন প্রস্তুত করেছে। তবে এখনো সব সদস্যের স্বাক্ষর সম্পন্ন হয়নি। হাসপাতালের পরিচালক ছুটি শেষে ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। রোগীকে ছাড়পত্র দেওয়া হলে সেটি মঙ্গলবার হতে পারে।