আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে রিট

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে উচ্চ আদালত রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ এ আবেদনটি করেন। আবেদনে ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্সের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই আইনে সরকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, যে অধ্যাদেশে লাইসেন্স বাতিল করা হয়েছে তা অবৈধ। এই অধ্যাদেশটি সামরিক ফরমানের মাধ্যমে প্রণীত হয়েছিল। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তা বাতিল ঘোষণা করেছেন। কার্যতালিকায় এলে আগামী রবিবার রিট আবেদনটির ওপর শুনানি হবে।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ চলবে : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাসপাতাল ও মেডিকেল কলেজ আলাদা সত্তা। সরকার হাসপাতালের লাইসেন্স বন্ধ করেছে, মেডিকেল কলেজ নয়। গতকাল সোমবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মেডিকেল কলেজ সেপারেট এন্টিটি। আমরা কলেজকে বন্ধ করিনি, হাসপাতাল বন্ধ করেছি। প্র্যাকটিক্যালের জন্য একটি হাসপাতাল লাগবে। অন্য প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সেই সুযোগ দিতে পারে।