আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকদের মৌলিক অধিকার নিশ্চিত না হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত ও স্থিতিশীলতা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিএনপি সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট নিয়ে জাতীয় পার্টির প্রতিক্রিয়া তুলে ধরার সময় এ মন্তব্য করেন তিনি।
জি এম কাদের বাজেট প্রতিক্রিয়ায় বলেন, ‘অর্থনীতিকে চাঙা করার জন্য বাজেটে বর্ণিত আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নের জন্য এ মুহূর্তে জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা। আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকা- থেকে দূরে রাখা হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সমর্থকদের সামাজিক ও অর্থনৈতিক অর্থাৎ তাদের ব্যবসা-বাণিজ্য নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে এই জনগোষ্ঠীর অর্থনীতিতে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।’
জাতীয় পার্টির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। সংকটের মাত্রা এবং গভীরতা এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না, তবে সেটা যে বিশাল এ বিষয়ে সংশয় থাকা উচিত নয়। সে পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য অর্থাৎ প্রতিহিংসা, বিদ্বেষ ভুলে দলমত-নির্বিশেষে সব নাগরিককে একতাবদ্ধ করতে হবে।’
তিনি বলেন, “দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টাই এ সংকট থেকে আমাদের স্বস্তি এবং মুক্তি দিতে পারে। এটা সম্ভব হলেই সম্ভবত বাজেটকে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ হিসেবে গণ্য করা যায়।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।