নিরপেক্ষ বোর্ড গঠন হবে গ্রাহকদের আস্থা রাখার আহ্বান

ইসলামী ব্যাংকের জন্য দ্রুত একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনে কাজ চলছে বলে জানিয়েছেন ব্যাংকটির বোর্ডের দায়িত্বপ্রাপ্ত এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। গ্রাহকদের নির্বিঘেœ লেনদেন চালিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাংকের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। গতকাল সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জহির হোসেন বলেন, পূর্ণাঙ্গ বোর্ড হিসেবে পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এ জন্য সম্ভাব্য সদস্যদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। খুব শিগগিরই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বোর্ড গঠন করা হবে। আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, আর পেছনে ফিরে তাকাতে হবে না। নির্বিঘেœ লেনদেন চালিয়ে যান। ব্যাংকের প্রতি আস্থা রাখুন।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন জানান, ‘বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও আড়াই হাজার কোটি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক। এ নিয়ে মোট ৫ হাজার কোটি টাকার তারল্য সহায়তা পাওয়া গেছে। তিনি বলেন, আশা করি, যারা আতঙ্কে অর্থ তুলে নিয়েছেন, তারা আবার ব্যাংকের প্রতি আস্থা ফিরে পাবেন।’ তিনি আরও জানান, আগের তুলনায় হিসাব বন্ধ করার প্রবণতা প্রায় ৭৫ শতাংশ কমেছে।