জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সব অংশীজনকে এগিয়ে আসায় আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল রাজধানীর তথ্য ভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা একে অপরের পরিপূরক, তাই বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কমিশন গঠন করতে হবে। তিনি বলেন, অতীতের উদ্যোগগুলো পূর্ণতা না পাওয়ায় গণমাধ্যম কাক্সিক্ষত শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়নি, যার দায়ও পূর্ববর্তী সরকারের ওপর বর্তায়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মারুফ কামাল খান সোহেল। তিনি ১৯৭৫ সালের ১৬ জুন বাকশাল গঠনের পর সংবাদপত্র বন্ধের ঘটনাকে সাংবাদিকতার ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, প্রকৃত গণমাধ্যম স্বাধীনতা মানে মতপ্রকাশের পূর্ণ অধিকার, যেখানে ভিন্নমত দমন নয় বরং যুক্তির মাধ্যমে মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা ও কয়েকটি গণমাধ্যমের সম্পাদক, প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা। তারা গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং নীতিগত সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের সীমাবদ্ধতা এবং ভবিষ্যতে একটি কার্যকর মিডিয়া কাঠামো গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।