আজ সৌদি আরবে শুরু হয়েছে নতুন হিজরি বছর। আর নতুন বছরের প্রথম প্রহরেই নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা। ইসলামের সবচেয়ে পবিত্র এই স্থাপনাকে ঘিরে প্রতিবছরের মতো এবারও সম্পন্ন হয়েছে গিলাফ পরিবর্তনের ঐতিহ্যবাহী আয়োজন। এটি ধর্মীয় আনুষ্ঠানিকতার সঙ্গে সঙ্গে সৌদি আরবের কারিগরি দক্ষতা, নান্দনিকতা ও ইসলামি শিল্প ঐতিহ্যের এক অনন্য প্রকাশ।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ১৪৪৮ হিজরি বছরের সূচনায় পবিত্র কাবায় নতুন গিলাফ পরানো হয়েছে। নতুন গিলাফ তৈরিতে ১৫০ জন সৌদি কারিগর ও শিল্পী প্রায় ১১ মাস ধরে কাজ করেছেন। তাদের দক্ষ হাতে তৈরি এই গিলাফে ব্যবহৃত হয়েছে ৪৭ খণ্ড উন্নতমানের কালো রেশমি কাপড়।
গিলাফ জুড়ে ৩০টি কোরআনের আয়াত রুপার সুতা ও ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপযুক্ত সুতা দিয়ে সূক্ষ্মভাবে নকশা করা হয়েছে। পুরো গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪১০ কিলোগ্রাম।
নতুন গিলাফ তৈরির প্রক্রিয়া সাতটি ধাপে সম্পন্ন হয়। এর মধ্যে ছিল পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, ছাপানো, সূচিকর্ম, সংযোজন এবং চূড়ান্ত পরীক্ষা। পরে বিশেষভাবে প্রস্তুত একটি যানবাহনে করে গিলাফটি মসজিদে হারামের মাতাফ প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয়।
পবিত্র কাবার এই নতুন গিলাফ ইসলামি শিল্পকলার এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর এর মাধ্যমে সৌদি আরব মুসলিম বিশ্বের কাছে তাদের ঐতিহ্য, শিল্পদক্ষতা ও হারামাইনের প্রতি বিশেষ যত্নের বার্তা তুলে ধরে।