এক হারেই বরখাস্ত কোচ, মেসিদের স্তব্ধ করা 'জাদুকর' তিউনিসিয়ার ডাগআউটে

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম কোচ হিসেবে বরখাস্ত হলেন তিউনিসিয়ার সাব্রি লামুশি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মেক্সিকোর মনটেরিতে Sweden বা সুইডেনের কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ার ৪৮ ঘণ্টার ব্যবধানে এই ফরাসি কোচকে ছাঁটাই করল তিউনিসিয়া ফুটবল ফেডারেশন । লামুশির বিদায়ের পর তিউনিসিয়া তাদের ড্রেসিংরুমের দায়িত্ব তুলে দিয়েছে ফুটবল বিশ্বের পরিচিত মুখ এবং তাদেরই আরেক ফরাসি কোচ এর্ভে রেনারের হাতে।

আপাতত চলতি বিশ্বকাপ অভিযান শেষ হওয়া পর্যন্ত তিউনিসিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন এর্ভে রেনার। তবে টুর্নামেন্ট শেষে তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।

এর্ভে রেনারকে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা ‘কৌশলী’ মনে করা হয়, বিশেষ করে আফ্রিকান ফুটবলে তাঁর সাফল্য আকাশচুম্বী। জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে দুবার আফ্রিকা কাপ অব নেশনস জেতার অনন্য রেকর্ড আছে তাঁর।

আর্জেন্টাইন সমর্থকদের কাছেও এর্ভে রেনার একটি অতি পরিচিত নাম। কাতার বিশ্বকাপে তাঁর অধীনেই সৌদি আরব ইতিহাস গড়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়েছিল। পরবর্তীতে সৌদি আরবের দায়িত্ব ছেড়ে ফ্রান্স নারী দলের কোচের দায়িত্ব সামলান তিনি। এরপর পুনরায় সৌদিতে ফিরে পুরুষ দলকে বিশ্বকাপে তোলেন।তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগে জর্জিস দোনিস তাঁর স্থলাভিষিক্ত হলে তিনি ফাঁকাই ছিলেন।