'বিশ্বকাপে ইরান সবচেয়ে নিগৃহীত দল', যুক্তরাষ্ট্রের বৈরী আচরণে ক্ষুব্ধ কোচ

আপডেট : ১৬ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে দুর্দান্ত এক ড্র করার পর মাঠের আনন্দ মুহূর্তেই ফিকে হয়ে গেছে ইরান শিবিরে। ম্যাচ শেষ হওয়ার পরপরই লস অ্যাঞ্জেলেস থেকে তড়িঘড়ি করে দলটিকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়ায় ফিফা কর্তৃপক্ষ এবং মার্কিন সরকারের ওপর চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন ইরানের অধিনায়ক মেহেদি তারেমি, মিডফিল্ডার মোহাম্মদ মোহেবি এবং প্রধান কোচ আমির ঘালেনোই।

ম্যাচ শেষ হতে না হতেই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়, তাদের অবিলম্বে যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত ক্যাম্পে ফিরে যেতে হবে। এই সিদ্ধান্তকে ‘বিপর্যয়কর’ ও ‘অন্যায্য’ আখ্যা দিয়ে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের প্রেস কনফারেন্সে ক্ষোভ উগড়ে দেন তারা।

সংবাদ সম্মেলনে ইরান কোচ আমির ঘালেনোই কড়া ভাষায় ফিফা এবং আয়োজকদের বৈষম্যমূলক আচরণের সমালোচনা করেন। তিনি বলেন: "আজকের ম্যাচের পর তারা আমাদের বলল, ‘"আপনাদের এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হবে।’ অথচ আজ রাতে আমাদের ফুটবলারদের শারীরিক রিকভারির (ক্লান্তি দূর করার প্রক্রিয়া) জন্য এখানে থাকাটা ভীষণ জরুরি ছিল। আমাদের জোর করে প্লেনে তুলে মেক্সিকোর টিজুয়ানায় ফেরত পাঠানো হচ্ছে। আমি মনে করি, এই পুরো বিশ্বকাপে ইরান দলই সবচেয়ে বেশি নিগৃহীত ও নিপীড়িত। এখানে আমাদের ফুটবল ফেডারেশন নেই, আমাদের নিজস্ব মিডিয়া অফিসার নেই, এমনকি আমাদের ম্যানেজমেন্টও আসতে পারেনি।"

কোচ আরও অভিযোগ করেন, ম্যাচ শুরুর দুই দিন আগে দল নিয়ে লস অ্যাঞ্জেলেসে আসার কথা থাকলেও মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি। ম্যাচ শেষেই যেখানে দলটির বিশ্রাম নেওয়ার কথা, সেখানে রাতের ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হচ্ছে। ঘালেনোইয়ের ভাষায়, "মনে হচ্ছে অন্য কেউ আমাদের ভাগ্য আর পরিকল্পনা নিয়ন্ত্রণ করছে।"

বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগেই ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা এড়াতে অ্যারিজোনার টুসন শহরের পূর্বনির্ধারিত ক্যাম্প বাতিল করতে বাধ্য হয় ইরান দল। তারা মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় ক্যাম্প স্থাপন করে সেখান থেকে ফ্লাইটে যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ খেলছে।

কিন্তু মেক্সিকোতে পৌঁছানোর পর ইরানের কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফের ১৫ জন সদস্যকে মার্কিন ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র সরকার (পরবর্তীতে ৪ জনের ভিসা মঞ্জুর হয়)। এমনকি দলের অফিসিয়াল মিডিয়া অফিসার এবং ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজও এই ম্যাচের জন্য লস অ্যাঞ্জেলেসে আসার অনুমতি পাননি। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, প্রেস কনফারেন্সে ফিফার একজন কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্ন করা বন্ধ করতে চাইলেও ইরানের ফুটবলাররা তা উপেক্ষা করে নিজেদের অসহায়ত্বের কথা বলতে থাকেন।

ইরানের তারকা ফরোয়ার্ড ও অধিনায়ক মেহেদি তারেমি জানান, মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলেসের এই সংক্ষিপ্ত পথ পাড়ি দিতেই মার্কিন ইমিগ্রেশনের কারণে তাদের ৫ ঘণ্টা সময় নষ্ট হয়েছে। ম্যাচ শেষে আবারও একই ধকল নেওয়ায় খেলোয়াড়দের বড় চোটের ঝুঁকি দেখছেন মিডফিল্ডার মোহাম্মদ মোহেবি। তিনি বলেন,

'গতকাল সকালে আমরা রওনা দিয়ে বিকেলে পৌঁছেই সরাসরি অনুশীলনে নেমেছি। আর আজ ম্যাচ খেলেই আবার চলে যেতে হচ্ছে। কাল সকালে এখানে রিকভারি সেশন হওয়ার কথা ছিল। এই সূচি একেবারেই অন্যায্য। এভাবে টানা ভ্রমণ করলে ফুটবলারদের হ্যামস্ট্রিং, লোয়ার ব্যাক এবং পেশিতে টান পড়বেই।'

ড্রেসিংরুমে ইনফান্তিনোর সান্ত্বনা ও মেক্সিকানদের ভালোবাসা

ম্যাচ শেষে ইরানের ড্রেসিংরুমে গিয়ে ফুটবলার ও কোচের সাথে কথা বলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে তারেমিরা সরাসরি তাদের ক্ষোভের কথা জানান। জবাবে ইনফান্তিনো দলটিকে সান্ত্বনা দিয়ে বলেন, 'আপনারা পুরো বিশ্বের সামনে প্রমাণ করেছেন যে আপনারা বিশ্বকাপে বুক চিতিয়ে লড়তে এসেছেন। আপনারা কীসের মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা সবকিছুর চেয়ে শক্তিশালী। আজ পুরো স্টেডিয়াম যেভাবে আপনাদের সমর্থন দিয়েছে, তা গোটা বিশ্বকে একতাবদ্ধ করার বার্তা দেয়। হৃদয় দিয়ে খেলুন, বিশ্ব টিম মেল্লি-র (ইরান দল) প্রেমে পড়ছে।'

যুক্তরাষ্ট্রের এমন বৈরী আচরণের বিপরীতে মেক্সিকো সরকার ও বিশেষ করে টিজুয়ানার মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন ইরান কোচ। এমনকি লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্যালারির বড় অংশ জুড়ে মেক্সিকান সমর্থকেরা ইরানের পক্ষে গলা ফাটিয়েছেন, যা দলটিকে ঘরের মাঠের আবহ দিয়েছিল বলে উল্লেখ করেন ঘালেনোই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত