দুই কোটি টাকার বীমার জন্য স্বামী হত্যা, নেপথ্যে স্ত্রী-প্রেমিক

ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় প্রায় দুই কোটি টাকার জীবনবীমার অর্থ হাতিয়ে নিতে এক সাবেক সেনাসদস্যকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, ল্যাব কর্মী ও সরকারি কর্মকর্তাসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৫ জুন) পুলিশ জানায়, নিহত সন্দীপ মাঞ্জারগি একটি মোটরসাইকেল দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন। প্রথমে তার মৃত্যুকে স্বাভাবিক বলে ‘হৃদরোগজনিত মৃত্যু’ হিসেবে দেখানো হলেও তদন্তে বেরিয়ে আসে এটি ছিল ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড।

অভিযোগ অনুযায়ী, স্ত্রী সুমা মাঞ্জারগি ও তার প্রেমিক পুন্ডলিক দোম্বার মিলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্যালাইনের মাধ্যমে বিষ প্রয়োগ করে সন্দীপকে হত্যা করেন। এরপর ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখিয়ে বীমার অর্থ দাবি করার চেষ্টা করা হয়।

তদন্তে জানা গেছে, সন্দীপের নামে একাধিক বীমা কোম্পানিতে প্রায় দুই কোটি টাকার পলিসি ছিল। এই বিপুল অর্থ হাতিয়ে নিতেই হত্যার পরিকল্পনা করা হয় বলে পুলিশের ধারণা।

মামলার মোড় ঘোরে পুন্ডলিক দোম্বারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে। ওই পোস্ট ঘিরে সন্দেহ তৈরি হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকেই পুরো হত্যাকাণ্ডের নীলনকশা ফাঁস হয়ে যায়।

পুলিশ আরও জানায়, হত্যার পর মেডিকেল ও ফরেনসিক রিপোর্টে প্রভাব ফেলতে একটি চক্র সক্রিয় ছিল। এতে হাসপাতালের কর্মী, ল্যাব টেকনিশিয়ান এবং কয়েকজন সরকারি কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পরিবর্তন ও প্রমাণ নষ্ট করতে ঘুষ লেনদেনের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে হত্যার পরিকল্পনা, জালিয়াতি ও প্রমাণ নষ্টের অভিযোগে স্ত্রী, প্রেমিকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন, সিরিঞ্জ ও অন্যান্য আলামত।