প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২টি চা বাগান

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার (১৭ জুন) বন্ধ থাকবে জেলার ৯২টি চা বাগান। একইসাথে অনেক চা বাগান শ্রমিকের সপ্তাহিক তলব (মজুরি) আগাম প্রদান করেছে বাগানগুলো। 

জেলার চা বাগানগুলো সূত্রে জানা গেছে, বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চা শ্রমিকেরা যাতে সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন, সেজন্য বাগানগুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার বন্ধ পেলেও এর পরিবর্তে রবিবার কাজ করবেন। একই সাথে বৃহস্পতিবারের পরিবর্তে অনেক চা বাগানে শ্রমিকদের সপ্তাহিক তলব (মজুরি) মঙ্গলবার প্রদান করা হয়। 

চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ বলেন, আমাদের তিনটি চা বাগান বুধবার বন্ধ থাকবে। বুধবারের পরিবর্তে শ্রমিকেরা রবিবার  কাজ করবেন। আমরা ইতিমধ্যে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করেছি।

ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের ৫ টি বাগানসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সকল চা বাগান বুধবার বন্ধ থাকবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চা শ্রমিকেরা যাতে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন, সেজন্য বাগানগুলো একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।