পৃথিবীর মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’ ইতিহাস গড়েছে বাংলাদেশের ‘অ্যানি’। এটি সেরিয়েনক্যাম্প উৎসবে নির্বাচিত প্রথম বাংলাদেশি সিরিজ। সিরিজটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। এর আগে এই নির্মাতার সিনেমা ‘রেহেনা মারিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেইন গার্ড বিভাগে প্রদর্শিত হয়েছিল। নাজিফা তুষির পাশাপাশি ‘অ্যানি’ সিরিজে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে।
তুষির চরিত্র অ্যানি একজন তরুণ নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। এক ভয়াবহ হামলার পর তাঁর জীবনের গতিপথ বদলে যায় চিরতরে। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে, অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পান, যেখান থেকে তিনি প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পান না।
সেরিয়েনক্যাম্প-এর মতো আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো একটি বাংলাদেশি সিরিজের জায়গা পাওয়া দেশের টেলিভিশন ও স্ট্রিমিং শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের কনটেন্ট যে এখন আন্তর্জাতিক দর্শকদেরও আগ্রহের কেন্দ্রে আসছে, ‘অ্যানি’ তারই শক্তিশালী প্রমাণ।
অ্যানির পর তালিকায় রয়েছে পর্যায়ক্রমে ‘ব্রাউনশলাগ ১৯৮৬’(অস্ট্রিয়া), ফাদিয়া (ইসরায়েল), দ্য ফ্লজ (জার্মানি) এবং এলডোরাডো (ফ্রান্স-বেলজিয়াম)।