বেকায়দায় নেতানিয়াহু!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে। সোমবার ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে আলাপের সময়  ট্রাম্প এ কথা বলেন।

তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি এবং যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি 'রাজনৈতিক দুঃস্বপ্ন' হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেছেন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরের দিন অর্থাৎ শুক্রবার থেকেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

অন্যদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হওয়ার বিষয়টি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের তিনটি মূল স্তম্ভকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাকে এক নতুন নিরাপত্তা সংকটে ফেলেছে।

প্রশ্ন উঠেছে, যিনি নিজেকে ওয়াশিংটনের `রাজনৈতিক পরামর্শদাতা' হিসেবে তুলে ধরেছিলেন এবং মার্কিন রাজনীতিবিদদের ওপর যার শক্ত প্রভাব ছিল, কীভাবে তাকে পাশ কাটিয়ে তার প্রধান মার্কিন মিত্র ইরান চুক্তি করলেন, এবং কীভাবে তিনি এভাবে প্রকাশ্যে অপমানিত হলেন? যিনি ইরানকে মোকাবেলার বিষয়টিকে ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনার কেন্দ্রে রেখেছিলেন, তিনি কীভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হলেন, যেখানে ইরানই বরং যুদ্ধের আগের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে?

তাছাড়া, লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধ করার জন্য ওয়াশিংটন ও তেহরানের দাবি এখন ইসরায়েলের 'মিস্টার সিকিউরিটি' হিসেবে পরিচিত নেতানিয়াহুর রাজনৈতিক ভাবমূর্তিকে সংকটে ফেলে দিয়েছে, বিশেষ করে দেশটিতে সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে।

সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে, বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, তার সামনে এখন কেবল দুটি পথ খোলা - হয় আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে সরাসরি ও মারাত্মক সংঘাত, অথবা ইসরায়েলি স্বার্থকে জলাঞ্জলি দেয়া।