চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে গত সোমবার রাতে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়রা সেটি প্রতিহত করেছে। পুশইনের চেষ্টা করা ওই নারী এখন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন। এদিকে ওই নারীকে পুশইনে সহায়তার অভিযোগ উঠেছে সীমান্তবর্তী বাংলাদেশিদের বিরুদ্ধে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে বিজিবি ও পুলিশ।

বিজিবি ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে রোকনপুর সীমান্তের ২২৫/৩ আর পিলার এলাকা দিয়ে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের সদস্যরা নদীপথে নৌকাযোগে ওই নারীকে পুশইনের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ওই নারীকে আটকে বিজিবিকে খবর দেয়। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বিজিবির টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশইন ঠেকানো হয়েছে। ওই নারী সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

এদিকে, রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইনে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিজিবি ও পুলিশ তাদের আটক করে। তারা হলেন রোকনপুর গ্রামের বাসিন্দা দোস্ত মোহাম্মদের ছেলে বাবুল আক্তার, আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক, ওবায়দুল রহমানের ছেলে রয়েল, কালুমদ্দিনের  ছেলে আজম, জমসেদ আলীর ছেলে আলম, নাইমুলের ছেলে আসমাউল হক ও ধুলুর ছেলে মেসবাহুল হক।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, এক নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন সাত বাংলাদেশি। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ওই পুশইনের ঘটনা প্রতিহত করেন এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। রাত ৪টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। পরে পুলিশ আরও ৩ জনকে একই অভিযোগে আটক করে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসীম ফিরোজ জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।