জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান এসব প্রকল্প অনুমোদন করেন। এ সময় প্রধানমন্ত্রী প্রকল্পের বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তদন্তের নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সভায় উত্থাপিত পাঁচটি প্রকল্পই অনুমোদন পেয়েছে। তবে ‘১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পটি অনুমোদনের পাশাপাশি এর বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি পুনরায় অনুমোদনের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটির কিছু কাজ এখনও বাকি রয়েছে। এ অবস্থায় প্রকল্পটি বন্ধ করাও সম্ভব নয়। তাই তদন্তসাপেক্ষে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সঙ্গে ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অনুমোদনের কোনো সম্পর্ক রয়েছে কি না এমন প্রশ্নে জোনায়েদ সাকি বলেন, প্রকল্পটি স্বাভাবিক প্রক্রিয়ায় একনেকে উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এটি অনুমোদন পেয়েছে, বিষয়টি এমন নয়।
অনুমোদিত পাঁচটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প; ফেনী জেলার মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন; করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প; পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্প এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (তৃতীয় সংশোধিত) প্রকল্প।
সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের চারটি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। সেগুলো হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ; সাভারে নৌবাহিনী স্কুল ও কলেজ স্থাপন এবং সিলেট শমশেরনগরে বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম প্রকল্প।