ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর বিশ্বনেতাদের

ফ্রান্সে গত সোমবার থেকে শুরু হয়েছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর ৫২তম বার্ষিক সম্মেলন। সদস্য দেশের নেতারা শীর্ষ সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ফ্রান্স পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, ওয়াশিংটন তেহরানের কাঠামোগত সমঝোতার পর তার নজর এখন ইউক্রেন যুদ্ধের দিকে। ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ শহরে অনুষ্ঠিত এ সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পাবে ইরান পরিস্থিতি, ইউক্রেইন যুদ্ধ, বিশ্বে অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং গুরুত্বপূর্ণ খনিজসম্পদের সরবরাহ নিশ্চিতকরণের মতো বিষয়গুলো।

ইরান সংকট সমাধানের পথে থাকায় এখন ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, তিনি এবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের দিকে নজর দেবেন এবং একইসঙ্গে লেবাননে লড়াই বন্ধের চেষ্টা নেবেন। ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন। আশা প্রকাশ করে ট্রাম্প বলেছেন যে, উভয়পক্ষই আলোচনার টেবিলে আসতে আগ্রহী এবং তিনি এই সংঘাতের একটি ইতিবাচক সমাপ্তি টানতে পারবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও জানিয়েছেন, সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে। ইইউ নেতারা বলছেন, মস্কোর শর্তে নয় বরং কিয়েভের শর্তে শান্তি চুক্তিতে রাজি হতে রাশিয়াকে চাপ দেওয়াটা গুরুত্বপূর্ণ।