ঈদের সময়টাতে অনেক তেল মসলার অনেক পদের মাংসের খাবার খেয়েছেন। এবার স্বাদ বদলের জন্য মাছ খেতে পারেন। রেসিপি দিয়েছেন জিন্নাত রায়হান
চিংড়ি মাছের পাতুরি
উপকরণ
বড় চিংড়ি মাছ ১০টি, সাদা সরিষা ২ টেবিল চামচ, নারকেল বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৫টা, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫টা, সরিষা তেল সিকি কাপ, লবণ আধা চা চামচ, কলা পাতা টুকরো ৫টা, টুথপিক ১০টা।
যেভাবে তৈরি করবেন
মাছ কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিন। সরিষা, কাঁচা মরিচ, এক চিমটি লবণ, হলুদ গুঁড়া সামান্য লবণ পানি দিয়ে বেটে নিন। সব উপকরণ দিয়ে মাছ মেখে নিন। মাছ মাখার সঙ্গে ১ টেবিল চামচ তেল দিয়ে দিন। কলাপাতা সেকে নিয়ে তার ওপর সব মসলা ও মাছ দিয়ে এক টুকরো ফালি করা কাঁচা মরিচ দিয়ে পেঁচিয়ে টুথপিক দিয়ে আটকে দিন। ফ্রাইপ্যানে সরিষার তেল গরম হলে কলাপাতায় মোড়ানো মাছ দিয়ে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে উল্টে দিন। সেদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
টেংরা মাছের ঝোল
উপকরণ
ট্যাংরা মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, আদা ও রসুন বাটা মিলিয়ে ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫টা, তেল ৩ টেবিল চামচ, লবণ ১ চামচ।
যেভাবে তৈরি করবেন
মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে সব গুঁড়ো ও বাটা সমরঅ আধা কাপ পানিতে গুলে দিয়ে দিন। মসলা কষানো হলে মাছ দিয়ে কষিয়ে নিন। মাছ কষানোর সময় লবণ দিন। মাছ কষানো শেষে মাছ ডুবিয়ে পানি দিন। ফুটে উঠলে কাঁচা মরিচ ফালি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
কাঁচকি মাছের ঝাল চচ্চরি
উপকরণ
কাঁচকি মাছ ২ কাপ, পেঁয়াজ কুচি দেড় কাপ, কাঁচা মরিচ ফালি ১০টা, টমেটো কুচি আধা কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ, তেল আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ধনেপাতা তেল পেঁয়াজ কুচি আধা কাপ ছাড়া সব মসলা দিয়ে মাছ মেখে রাখুন ২০ মিনিট। ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে মাখানো মাছ দিয়ে দিন। আধা কাপ গরম পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। তেল ওপরে উঠে এলে ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে নামিয়ে নিন।