যদিও শঙ্কা উড়িয়ে দিয়ে চট্টগ্রামে গতকাল সংবাদ সম্মেলনে হাজির হন লিটন দাস। আজ শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলের পরিকল্পনা শোনানোর পাশাপাশি নিজের চোটেও সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমি আগের থেকেও ভালো আছি। আজ (গতকাল) এবং আগামীকাল (আজ) দেখে সিদ্ধান্ত নেব (খেলব কি না)।’ কিন্তু টিম ম্যানেজমেন্ট সূত্রে ভিন্ন খবর পাওয়া গেছে। গতকাল রাতেও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ছুটতে হয়েছে লিটনকে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিজে আজ খেলার ব্যাপারে আশাবাদী হলেও ঝুঁকি নিতে চান না প্রধান কোচ ফিল সিমন্স। আরেক টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন জ্বরে ভুগছেন। এই দুজনকে ছাড়াই আজ অজিদের বিপক্ষে নামতে পারেন স্বাগতিকরা।
মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পায়ের পেশিতে টান লাগে লিটনের। এ জন্য টি-টোয়েন্টি সিরিজের আগে পুরোপুরি সেরে উঠতে পারবেন কি না, সে শঙ্কা থেকেই গতকাল টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে দলে ডাকেন নির্বাচকরা। সকালে ঢাকা থেকে গিয়ে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিতে দেরি হওয়ায় অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। তবে দীর্ঘদিন পর এ সংস্করণে সুযোগ পেয়ে একাদশেও ফেরা অনেকটা নিশ্চিত সৌম্যর।
নিজের খেলা নিয়ে শঙ্কা থাকলেও গতকাল সিরিজ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওয়ানডে জয়ের পর টি-টোয়েন্টির ট্রফিও নিজেদের দখলে রাখার পরিকল্পনার শোনা গেল লিটনের কণ্ঠে ‘এই সংস্করণটা বেশ কঠিন। যেকোনো দলই আগ্রাসী থাকে। ব্যাটিং-বোলিংয়ে সবাই এমন মানসিকতায় থাকে। অবশ্যই অস্ট্রেলিয়া বড় নাম, তারা সেভাবে খেলবে, আমরাও আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।’ সফরকারীদেরও একই ভাবনা। টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ, ‘বাংলাদেশ এমন একটা দল, যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। তবে আমরা সিরিজ জয়ের আশা করছি। ভালো ক্রিকেট খেলার আশা করছি। ছেলেরা মুখিয়ে আছে। যদিও এটা আমাদের জন্য কঠিন সফর।’
এই সিরিজও যে সহজ হবে না, সে অভিজ্ঞতা তো আগেই হয়েছে অজিদের। দুদল টি-টোয়েন্টি সংস্করণে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে একবারই, ২০২১ সালে মিরপুরে। পাঁচ ম্যাচের ওই সিরিজটি ৪-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। তবে এত পেছনে না তাকিয়ে ওয়ানডে সিরিজ জয় থেকে আত্মবিশ্বাস খুঁজছেন লিটন, ‘আমাদের দলের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে সিরিজে খেলেছে। সবার সেই (ভালো করার) আত্মবিশ্বাস আছে। নির্দিষ্ট দিনে আপনাকে সবচেয়ে ভালো ক্রিকেটটা খেলতে হবে।’ যদিও মিডল অর্ডার ব্যাটারদের ধারাবাহিকতার অভাব ভাবাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে।