টি-টোয়েন্টির রানীদের মুখোমুখি মেয়েরা

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৫৬ এএম

মেয়েদের ক্রিকেটে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট মানেই অস্ট্রেলিয়ার রাজত্ব। টি-টোয়েন্টি সংস্করণেও দাপট অজি মেয়েদের। আগের ৯টি বিশ্বকাপের মধ্যে ছয়বারের চ্যাম্পিয়ন তারা। এবার হারানো ট্রফি পুনরুদ্ধারের জন্য নেমেছে দলটি। তাদের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। বিশাল চ্যালেঞ্জ, তবু জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের আগে বাংলাদেশের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস বলেন, ‘অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’

এখন পর্যন্ত পাঁচ বারের মুখোমুখি দেখায় কোনো ম্যাচেই লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। দুই দল সর্বশেষ মুখোমুখি হয় ২ বছরের বেশি সময় আগে। তখন জাতীয় দলের পরিকল্পনাতেও ছিলেন না জুয়াইরিয়া। এত দিন যাদের খেলা টেলিভিশনের পর্দায় দেখেছেন, এখন তাদের বিপক্ষে খেলতে নামার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত