সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দিনব্যাপী সরকারি সফরে মৌলভীবাজার যাওয়ার পথে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনির পাঠানো সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পথে রওনা হবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকাল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।

কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।