শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:৩০ পিএম

তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ডের পাইলটিং কর্মসূচির উদ্বোধন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায়। এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

এর আগে, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। দুপুর ১টার দিকে তিনি নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন পয়েন্টে ছিল সাজ সাজ রব। সিলেট বিমানবন্দর সড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন হাজারো মানুষ।

বিশেষ করে নারী চা শ্রমিকদের উপস্থিতি চোখে পড়ার মতো। তাদের হাতে ছিল ফুলের মালা ও ফুলের পাপড়ি। বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে তারা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও চা শ্রমিকদের ভালোবাসায় পুরো এলাকা যেন এক জনসমুদ্রে রূপ নেয়। শ্রীমঙ্গল পৌঁছে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত