নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে ২০২৫ সালের ডিসেম্বরে রাজ নিদিমোরুর সঙ্গে নতুন জীবন শুরু করেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একটা সময়ে বিয়ে বা প্রেম থেকে শতহস্ত দূরে থাকলেও, রাজের সঙ্গে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী। তবে এত অল্পদিনেই সামান্থাকে নিয়ে রাজের মন্তব্য উঠে এসেছে চর্চায়। স্ত্রীকে নাকি এখন শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই দেখছেন। শুধু তাই নয়, ভরা মঞ্চে সামান্থার প্রতি ভালোবাসা প্রকাশ করতেও অস্বীকার করেছেন পরিচালক স্বামী।
নাগার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে দীর্ঘ বছর অদ্ভুত একটা যন্ত্রণার মধ্যে কেটেছে সামান্থার। ক্যামেরার সামনেও কখনও কখনও কান্নায় ভেঙে পড়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে জীবনের নানা অনুভূতির সংজ্ঞা বদলেছে তাঁর কাছে। এখন আর ঘন ঘন কাজ করতে চান না সামান্থা। শুধু তাই নয়, জনপ্রিয়তার পেছনে দৌড়কে একেবারেই ‘ভ্রান্ত ধারণা’ বলে মনে করেন তিনি।
বর্তমানে ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার প্রচারে ব্যস্ত সামান্থা। সেখানেই ভরা মঞ্চে স্ত্রীর প্রতি ভালোবাসা জানাতে অস্বীকার করেন রাজ। অভিনেত্রীর কাজের প্রশংসা করতে দেখে অনুরাগীরা রাজের কাছে আবদার করেন, স্ত্রীকে একবার ‘আই লাভ ইউ’ বলতে। তবে সকলের সামনে এ কথা বলতে নারাজ রাজ।