মিয়ানমারের রাষ্ট্রপতি মিন অং হ্লাইয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল বুধবারের এ বৈঠকে প্রতিবেশী কূটনীতিতে মিয়ানমারের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। দীর্ঘতম স্থলসীমান্ত ভাগাভাগি করা প্রতিবেশী হিসেবে চীন মিয়ানমারের একটি নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শি জিনপিংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গত সোমবার বেইজিংয়ে পৌঁছান মিন অং হ্লাইং। ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং ছিলেন সাবেক সামরিক জান্তাপ্রধান। তিনি ছিলেন ২০২১ সালের অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী। চলতি বছর এপ্রিলের শুরুতে সংসদ কর্র্তৃক প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বৈঠকে দুই নেতা পরিবর্তনশীল ও অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে দুই দেশের সংহতি ও সহযোগিতা আরও জোরদারের কথা বলেন।
শি বলেন, মিয়ানমারের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনগণের সমর্থন নিয়ে নতুন সরকারকে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় সাধন করে একটি উন্নয়ন পথ খুঁজে নিতে সমর্থন করে চীন। তিনি উল্লেখ করেন, চীন তার উন্নয়নের অভিজ্ঞতা মিয়ানমারের সঙ্গে ভাগাভাগি করতে এবং রাজনৈতিক আস্থা, পারস্পরিক লাভজনক উন্নয়ন, নিরাপত্তা সমন্বয় ও জনগণের মধ্যে যোগাযোগের ভিত্তিতে চীন-মিয়ানমার অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে প্রস্তুত।